পটুয়াখালীর গলাচিপায় ফারিয়া(১২) নামের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার জানায়, সকালে ফারিয়া তার দাদার সাথে স্থানীয় একটি খালে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ভেজা কাপড়ে বাড়িতে এসেই সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ ও হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পর কিশোরীর গলায় আঘাতের চিহ্ন দেখে কর্তব্যরত চিকিৎসকরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ কিশোরীর বাড়ি গিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোর আলামত দেখতে পায়।
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, নিহত ওই কিশোরীর গলায় কালশিটে চিহ্ন দেখতে পেয়ে আমাদের সন্দেহ হচ্ছিল। তাই পুলিশকে খবর দেওয়া হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।