বিএনপি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তারা আজ গণতন্ত্রের কথা বলে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং বহুমাত্রিক সমাজ ব্যবস্থা গঠনে আওয়ামীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল তথ্য ভবনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগের জনতার সরকার ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, জনগণের সাথে সরকারের দূরত্ব আরও যাতে কমিয়ে আনা যায়, সেলক্ষ্যেই ‘জনতার সরকার সিটিজেন ইন্টারঅ্যাকটিভ ওয়েব পোর্টাল’ চালু করা হয়েছে। এতে ১১টি মন্ত্রণালয় যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে ৫৬টি যুক্ত হবে।
তিনি বলেন, এই ওয়েবসাইট এর মাধ্যমে সরকারেরে নানা উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে সহজেই যে কেউ নিবন্ধন করে সরকার সম্পর্কে যে কোনো অভিমত, পরামর্শ বা অভিযোগ জানাতে পারবেন। যা কম্পিউটার কাউন্সিলের মধ্যে প্রতিদিন রিপোর্ট তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।