জাতীয় পার্টিতে গৃহদাহ বাড়ছেই। দেবর-ভাবীর দ্বন্দ্ব কেন্দ্র থেকে ছড়িয়ে পড়েছে তৃণমূলেও। আর তাতেই সৃষ্টি হচ্ছে একের পর এক অস্থিরতা। সবশেষ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাঁকে।এ নিয়ে এখন উত্তপ্ত রংপুর। পাল্টাপাল্টি কর্মসূচিতে মুখোমুখি অবস্থানে কাদের ও রাঙ্গাঁ সমর্থকরা।
বুধবার রাত সাড়ে ১১টায় জাতীয় পার্টির সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাঁকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে দলের চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় জিএম কাদের সমর্থকরাও রাঙ্গাঁর কুশপুত্তলিকা দাহ করে। বের হয় বিক্ষোভ মিছিল। দুই পক্ষের উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে রংপুরে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে জাপান সিনিয়র নেতা লতিফ খান বলেছেন, রাঙ্গাঁকে বহিষ্কারে রংপুরে শক্তি হারাবে জাতীয় পার্টি।
রাঙাকে অব্যাহতি দেয়া নিয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টিও মুখোমুখি অবস্থানে। কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে সহিংসতা সৃষ্টি করলে ফল ভালো হবে না। এসময় জিএম কাদেরের বিরুদ্ধে রাঙ্গাঁর হুমকি অযৌক্তিক বলে দাবি করেন তিনি।