বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অভিনয় ছেড়ে দূরে সরে যান অনেক তারকায়। তাদের দলেই ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। অভিনয়ের পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তবে সম্প্রতি ৪৩ কেজি ওজন কমিয়েছেন এক সময়ের তারকা এই অভিনেত্রী।
২০১০ সালে বিয়ে করার পর থেকেই সংসারে মন দিয়েছেন শ্রাবন্তী। এরইমধ্যে তার ঘরে এসেছে দুই মেয়ে। সংসারে এতটায় মনোযোগী হয়েছেন এসময় যে নিজের দিকে একদম খেয়াল নেননি। তাতে তার ওজন বেড়ে দাড়ায় ১১০ কেজিতে। এসময় মাঝেমধ্যেই মেয়েদের নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন শ্রাবন্তী।
সম্প্রতি ৪৩ কেজি ওজন ঝরিয়ে নিজেকে আগের অবস্থানে নিয়ে এসেছেন অভিনেত্রী। তাতে অনেকেই ভেবে বসেছিলেন হয়ত আবারও অভিনয়ে ফিরছেন শ্রাবন্তী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আগের ও পরের দুটি ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন অভিনয়ে ফিরছেন না তিনি।
ছবি দুটির ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি। কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। ’
উল্লেখ্য, ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে দারুণ জনপ্রিয়তা পান শ্রাবন্তী। এরপর বড় পর্দাতেও দেখা গেছে তাকে। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে ভক্ত মনে জায়গা পাকাপোক্ত করেন শ্রাবন্তী।