বরিশালের কাউনিয়ায় বিয়ের আশ্বাসে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে হুমকি দেয় কুয়েতপ্রবাসী মো. আনাচ মিয়া (৪০)। এরপর আনাচের বিরুদ্ধে মামলা হলে, নরসিংদীর রায়পুরা থানাধীন ঝাউকান্দির বেগমাবাদ এলাকায় থেকে শনিবার তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
শামীম হোসেন জানান, ‘রায়পুরার বেগমাবাদ এলাকার বাসিন্দা এবং কুয়েতপ্রবাসী আনাচ মিয়া একজন অভ্যাসগত যৌন অপরাধী।
সে চার বছর আগে ফেসবুকে বরিশালের কাউনিয়ার তালাকপ্রাপ্ত এক নারীর (৩৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৪ আগস্ট আনাচ মিয়া বরিশালে ওই নারীর বাড়িতে যায়। এ সময় বিয়ের আশ্বাসে আনাচ তাকে ধর্ষণ করে এবং তার একটি নগ্ন ভিডিও ধারণ করে। এরপর কৌশলে পালিয়ে নরসিংদীর রায়পুরায় নিজ বাড়িতে চলে আসে। এরপর আনাচের সঙ্গে অবৈধ সম্পর্ক না রাখলে ওই নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী কাউনিয়া থানায় মামলা করেন। ’
র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, ‘কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুরোধে আনাচ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আলামত হিসেবে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এতে নগ্ন ছবি ও ভিডিও পাওয়া যায়। পরে তাকে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাহাতুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ’
এর আগে গত শনিবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা থানাধীন ঝাউকান্দির বেগমাবাদ এলাকায় অভিযান চালিয়ে আনাচকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আনাচ মিয়া রায়পুরার বেগমাবাদ ঝাউকান্দি এলাকার মনতাজ মিয়ার ছেলে।