রুশ বাহিনীকে হটিয়ে পূর্বাঞ্চলীয় একটি বিশাল গ্রামের দখল নেওয়ার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে এই সফলতার দাবি করে তারা। এ সময় রাশিয়ার সেনাদের ওই এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
একজন শীর্ষ মার্কিন কূটনীতিক এবং ন্যাটোপ্রধান ইউক্রেনের এই অগ্রগতির কথা উল্লেখ করেছেন।তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ কয়েক মাস ধরে চলতে পারে।
পূর্বাঞ্চলে বাহিনীর এই সাফল্যের প্রসংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লিদিমির জেলেনস্কি। তিনি একটি ভিডিও ভাষণে বলেছেন, ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ শুরুর পর থেকে খারকিভ অঞ্চলে ৩০টিরও বেশি বসতি পুনরুদ্ধার করেছে।
জেলেনস্কি বলেন, ‘ধীরে ধীরে আমরা অনেক বসতি এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছি। ইউক্রেনের পতাকা জনগণকে ফিরিয়ে দিচ্ছি এবং জনগণকে সুরক্ষা দিচ্ছি। ’
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা রাশিয়ান পন্টুন ব্রিজগুলোতে নতুন আক্রমণ শুরু করেছে, যেটি ডিনিপার নদী পেরিয়ে রাশিয়ান-অধিকৃত বৃহত্তম শহর খেরসন এবং তৎসংলগ্ন অঞ্চলে খাদ্য সরবরাহে ব্যবহৃত হয়েছিল। ইউক্রেনীয় আর্টিলারি ও রকেট হামলায় সেতুটি অকেজো হয়ে গেছে।