ইভিএমের মাধ্যমে ভোট পরিবর্তন করা ইসির পক্ষে কোনভাবেই সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইভিএম বিশেষজ্ঞ মাহফুজুল ইসলাম বলেন, অনেকেই না জেনে ইভিএম নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন, যার কোন বাস্তব ভিত্তি নেই।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। মাহফুজুল বলেন, ইভিএম মেশিনে কোন ইন্টারনেট সংযোগ কিংবা কানেক্টেটিভিটির সুযোগ না থাকায় ভোট কারচুপির কোন আশঙ্কা নেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যালটের চাইতে ইভিএম অনেক শক্তিশালী ও স্বচ্ছ। বিএনপির উচিত কমিশনে গিয়ে ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করে তবেই বিরোধিতা করা। তারা বলেন, ইভিএমে সহিংসতার আশঙ্কা নেই। এরইমধ্যে ইভিএমে ৯’শ ভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ত্রুটি দেখা যায়নি। ভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আলোচকরা।