সবাই যে যার কাজে ব্যস্ত। এই ব্যস্ত জীবনে সবাই ছুটছে তো ছুটছেই। অনেক সময়ই মন খুলে কথা বলার বা একটু আড্ডা দেয়ার মানুষ পাওয়া যায় না। এছাড়া বন্ধু কিংবা
পরিবারের সদস্যদের কাছে অনেক কথাই বলতে দ্বিধায় পড়তে হয়।যারা এসব সমস্যায় ভুগছেন তাদের সঙ্গ দিতে জাপানে নিজেকে ভাড়া দিচ্ছেন ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। খবর রয়টার্সের।
যাদের কোনো বন্ধু কিংবা গল্প করার মতো কেউ নেই, তারা ভাড়া করেন তাকে। আড্ডা দেয়া, মনের কথা শোনা, রেস্টুরেন্টে একসাথে খাবার খাওয়াসহ নানাভাবে মানুষকে সঙ্গ দেন ভাড়াটে এ সঙ্গী। অভিনব এ কাণ্ডের কারণে শোজি মোরিমতো নামের ভাড়াটে এ সঙ্গী এরইমধ্যে জাপানজুড়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। দিনে তিন থেকে চারবারও ভাড়ায় খাটতে হয়। তার বেশিরভাগ ক্লায়েন্টই নারী।
শোজি মোরিমতো বলেন, কিছু না করার জন্য লোক আমাকে ভাড়া নেয়। কিছু না করা বলতে, আমি তাদের পাশে বসে খাই, পান করি আর তাদের প্রশ্নের জবাব দেই, শুধু এটুকুই আমার কাজ। কোনো পরিশ্রমের কাজ করি না।