তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরাকের উত্তরাঞ্চলে তাদের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইরাকে সামরিক অভিযান চালনার সময় সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দীর্ঘদিন ধরে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবিলা করার লক্ষ্যে তুর্কি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই কামান, বিমান ও হেলিকপ্টার দিয়ে ইরাকের উত্তরাঞ্চলে লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে আসছিল। তুরস্কের দাবি সন্ত্রাসী গোষ্ঠীটি উত্তর ইরাকের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে আসছে।একই সাথে গত ৩৫ বছর ধরে আঙ্কারা সরকারের সাথে সামরিক দ্বন্দ্বে রয়েছে। পিকেকে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে স্বীকৃত।
আঙ্কারার দাবি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জঙ্গিরা নারী ও শিশুসহ ৪০,০০০ তুর্কি নাগরিকের মৃত্যুর জন্য দায়ী। বিপরীতে উত্তর ইরাকের দাবি তুরস্কের হামলার কারণে তাদের শত শত গ্রাম জনবসতিহীন হয়ে পড়েছে। ফলে তুরস্ককে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করাসহ উত্তর ইরাক থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে।
বিধ্বস্ত হেলিকপ্টারটির সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি তুরস্ক।