জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেটের বিদায়ী সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হয়েছে বলে
জানিয়েছে হাইকমিশনারের মুখপাত্র রবিনা শ্যামদাসানি।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকে পাঠানো এক ই–মেইল বার্তায় তিনি এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দুঃখের সঙ্গে বলছি যে ভুল তথ্য প্রচার করা হয়েছে। ’
ই–মেইল বার্তায় রবিনা শ্যামদাসানি বলেন, হাইকমিশনার বাংলাদেশ সরকার, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বৈঠকে মানবাধিকারসংক্রান্ত অনেক বিষয় নিয়ে তাঁর উদ্বেগ তুলে ধরেছেন।ঢাকা সফর শেষে তাঁর দেওয়া বিবৃতিতেও এ বিষয় উঠে এসেছে। ২৫ আগস্ট মেয়াদপূর্তি উপলক্ষে জেনেভায় দেওয়া বিবৃতিতে তিনি বৈশ্বিক বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। ওই দিন মানবাধিকার নিয়ে ‘বৈশ্বিক প্রতিবেদন’ ছিল না।
ই–মেইল বার্তায় বলা হয়, মানবাধিকারসংক্রান্ত চ্যালেঞ্জগুলো অতিক্রম করার প্রথম ধাপই হলো সেগুলো স্বীকার করে নেওয়া। সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকাকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর।
মিশেল ব্যাচেলেট ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৭ আগস্টের সংবাদ সম্মেলনে বাংলাদেশে জোর করে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের গুরুতর অভিযোগের তদন্তের জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত সংস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন।
তিনি বলেন, কী করে একটি আন্তর্জাতিক মানের তদন্ত সংস্থা গড়ে তোলা যায়, সে ক্ষেত্রে তাঁর দপ্তর সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। গুম নিয়ে কাজ করে জাতিসংঘের এমন একটি সংস্থা আছে, তাদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ কী প্রক্রিয়ায় কাজ করে, সে বিষয়ে বিরোধী দলগুলোর নেতাদের কোনো ধারণা নেই। ‘তাঁরা (বিরোধী নেতারা) বোকার স্বর্গে বাস করছেন’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিশেল ব্যাচেলেটের এখতিয়ার সম্পর্কে এসব নেতার কোনো ধারণা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।