জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশটির স্থানীয় সময় দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজি এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীসহ যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্বরাষ্ট্রমন্ত্রীর পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর একটি ছবি পোস্ট করে এক টুইট বার্তায় রাষ্ট্রদূত লিখেছেন, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। শীর্ষ সৈন্য ও পুলিশ যোগানদাতা দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন স্থাপত্যকে শক্তিশালী করার বিষয়ে অবদান রাখতে আগ্রহী।
নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
এই দুজন ছাড়া সম্মেলনে আরও যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহা-পরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।
জাতিসংঘ সদর দফতরে আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দুইদিনের পুলিশ প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে।