একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এ অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
জানা গেছে, অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সন্ধ্যা ৭টায় নতুন ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেশন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে।
সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। সংসদ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অধিবেশন শেষ হতে পারে।
এর আগে, গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন।