ভোট নিয়ে যারা বড় কথা বলে তারাই ভোটবিরোধী ছিলো বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমু।
আমু বলেন, আজকে যারা ভোট নিয়ে বড় বড় কথা বলছেন তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। যারা ভোট হাইজ্যাক করে তারাই এখন নির্বাচনের কথা বলে।গুম খুনের কথা বলে। গুম খুনের নায়ক কারা? এদেশে এনেছে কারা? তারা এখন কথা বলে। সংবিধান বহির্ভূত কিছু করার সুযোগ নেই। যা হবে সংবিধানের ভিত্তিতেই। সংবিধানকে বাইপাস করে কাউকে নির্বাচনে আনতে হবে এই সুযোগ নেই। পরিষ্কার বলতে চাই, আজকে যারা সিন্ডিকেট করছে এরা কাদের সৃষ্টি? কারা বাজারে অস্থিরতা সৃষ্টি করে তা আমরা জানি। এদেশের যত রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কারা? স্বাধীনতা বিরোধী শক্তিকে শক্তিশালী করে এমন কোন কথা বলা ঠিক হবে না।
এসময় আমু দাবি করেন, শেখ হাসিনাকে আবার নির্বাচিত করা উচিত। সংবিধান বহির্ভূত কোন ধারায় মানুষের কল্যাণ হবে না এটা বারবার প্রমাণিত। তত্ত্বাবধায়ক সরকারের নামে খেলা আমরা অনেক দেখেছি। ভোট ব্যবস্থাকে শক্তিশালী করতে যা যা করা দরকার তার সবই শেখ হাসিনা সরকার করবে।
সভায় বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডা. শহীদুল্লাহসহ ১৪ দলের নেতারা বক্তব্য রাখেন।