ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করছে বিএনপি ও তার পরিবার।
তারা বলছে সোমবার তেজগাঁও থানার পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
বিএনপি এক বিবৃতিতে অভিযোগ করেছে, মুসাব্বিরকে গুম করে রাখা হয়েছে। তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে মুসাব্বিরকে আটকের কথা অস্বীকার করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান। মুসাব্বিরের বিষয়ে তিনি বলেন বলেন, এ ধরনের কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দাবি করেন, গত সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু এখনো পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আজিজুর রহমান মুসাব্বিরকে আটক এবং তার কোনো হদিস না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।
মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, সোমবার রাতে তেজগাঁও থানায় গিয়ে মুসাব্বিরের সঙ্গে কথা বলে এসেছি। মঙ্গলবার সকালে থানায় গেলে মুসাব্বিরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে পুলিশ। আমাদের কোর্টে যেতে বলেছে। কোর্টে সারা দিন থেকে মুসাব্বিরের কোনো হদিস পাইনি।
প্রসঙ্গত, এর আগে মুসাব্বিরকে গত বছরের ১৫ নভেম্বর শেরেবাংলানগর থানার পুলিশ গ্রেফতার করে। পরে ৬ ডিসেম্বর জামিনে বেরিয়ে আসেন তিনি। এরপর দ্বিতীয় দফা ১০ মার্চ মুসাব্বিরকে গ্রেফতার করে পুলিশ। পরে ৩১ মার্চ জামিনে মুক্ত হন। এরপর আবার গত সোমবার তেজগাঁও পুলিশ মুসাব্বিরকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের ও দলের।