নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, প্রার্থী যেই হোক, নৌকার বাইরে যাবার সুযোগ নেই।
সোমবার (১০ জানুয়ারি) সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, আমি রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক।
আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম।
তিনি বলেন, একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ অভিমান ছেড়ে দিয়ে নৌকার জন্য কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাঁটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তিনি পর পর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তৃতীয়বার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন।